৯ জুন ২০১৩ - ০৪:৪৯
‘সিরিয়ায় হিজবুল্লাহ’র একজন যোদ্ধাও ধরা পড়েনি’

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ, সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের হাতে তাদের কোনো সদস্য আটক হওয়া খবর নাকচ করে দিয়েছে।

বার্তা সংস্থা আবনা : লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ, সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের হাতে তাদের কোনো সদস্য আটক হওয়া খবর নাকচ করে দিয়েছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার তাদের বাহিনীর একজন যোদ্ধাও ধরা পড়েনি।

এ বিবৃতিতে শত্রুভাবাপন্ন কোনো কোনো আরব দেশ এবং বিদেশি সংবাদ মাধ্যম যে মিথ্যা খবর প্রচার করছে তার বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করেছে হিজবুল্লাহ। এ ছাড়া, হিজবুল্লাহ সংক্রান্ত খবর প্রকাশের ক্ষেত্রে সত্যতা বজায় রাখার আহ্বানও জানানো হয়েছে এতে।

এর আগে, কোনো কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল, দামেস্ক এলাকায় প্রচণ্ড যুদ্ধের পর হিজবুল্লাহ এবং আবু আল-ফজল-আল-আব্বাস ব্রিগেডের কয়েক সদস্যকে আটক করেছে তথা কথিত ফ্রি সিরিয়ান আর্মি; আর এ পরিপ্রেক্ষিতে এ বিবৃতি দেয় হিজবুল্লাহ।

দামেস্কে হজরত জয়নাব(সা.আ.) পবিত্র মাজার শরিফ রক্ষার জন্য ২০১২ সালে আবু আল-ফজল-আল-আব্বাস ব্রিগেড গঠন করা হয়। এ বাহিনী সিরিয়ার সরকারি সেনাদের সঙ্গে এক যোগে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে।

গত মাসের গোঁড়ার দিকে হিজবুল্লাহ'র মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ঘোষণা করেন, কুসাইর শহরে দামেস্কের সরকারি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহ’র যোদ্ধারা বিদ্রোহীদের বিরুদ্ধে একযোগে লড়াই করছে।

তিন সপ্তাহ লড়াইয়ের পর চলতি সপ্তাহের গোঁড়ার দিকে সিরিয় বাহিনী পুনরায় দখল করেছে কৌশলগত শহর কুসাইর ।